আবার অধিনায়ক মাশরাফি, সহ-অধিনায়ক সাকিব
Roysul Khan    June 29, 2010, 10:24 am | Quick Share
 

ঢাকা, ২৮ জুন (ক্রিকেটটুমরো ডটকম)-- ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা মাশরাফি বিন মুর্তজা এবার ফিরে পেলেন অধিনায়কত্বও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানিয়েছে- ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবে মাশরাফি।

আজ সাকিবের সঙ্গে আলোচনা করেই বিসিবি মাশরাফিকে জানিয়ে দিয়েছে—ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে বাংলাদেশ দলের অধিনায়ক সে। সহ-অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে।

বাংলাদেশ দল আগামীকাল ভোরে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে।

নতুন করে অধিনায়কত্ব ফিরে পেয়ে মাশরাফির তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জানায়, ‘এই মাত্র মাত্র দায়িত্বের সংবাদ পেলাম। এখনো বুঝতে পারছি না কী বলব। তবে আত্মবিশ্বাস আছে, পারফর্ম করেই নেতৃত্ব দেব দলকে।’

ঠিক এক বছর আগে গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেই ইনজুরিতে পড়ায় সহ-অধিনায়ক সাকিবকে দেয়া হয় অধিনায়কের দায়িত্ব।

অধিনায়ক হিসাবে শুরুটা ভালই হয় সাকিবের। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয় পায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজ জেতে দুটি। তবে সম্প্রতি তার নেতৃত্বে টানা সাতটি টেস্ট ও ১৩টি ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ দল। এরপরই প্রশ্ন ওঠে তার নেতৃত্ব নিয়ে।

ইংল্যান্ড সফরে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও আছে কিছু পরিবর্তন। ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন যাচ্ছেন না। তার পরিবর্তে বিসিবির আরেক কোচ মিজানুর রহমান হচ্ছেন দলের সঙ্গী।

এছাড়া ইংল্যান্ডে দলের সঙ্গে একজন অস্ট্রেলিয়ান বোলিং কোচের যোগ দেয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন।

blog comments powered by Disqus