ডেস্ক, ২১ জুন (ক্রিকেটটুমরো ডটকম)-- পাকিস্তানের ৩৮৫ রানের পাহাড়েচাপা পড়া বাংলাদেশ অসহায় আত্মসমর্পণ করে ১৩৯ রানের বড় ব্যবধানে পরাজিতহয়েছে। পুরো টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং দুটোতেই চরম ব্যর্থতার পরিচয় দিয়ে শূন্য হাতেই এশিয়া কাপ থেকে ফিরছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত আজকের ম্যাচে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা ও ভারত ইতিমধ্যে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলায় বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি পরিণত হয়েছিল নিয়ম রক্ষার।
পাকিস্তানের দুই ওপেনার শুরু থেকেই চড়াও হয় বাংলাদেশি বোলারদের ওপর। ৭ ওভারেই দলীয় অর্ধশতক পূর্ণ করে পাকিস্তান। ৩৮ বলে ৫০ রান করে দলীয় ৮১ রানে শাহজিদ হাসান আউট হন রাজ্জাকের বলে।
তবে বাংলাদেশি বোলারদের উপর সবচেয়ে বেশি ‘স্টীম রোলার’ চালান পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদী। ৬০ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশি বোলাররা দিশেহারা হয়ে পড়ে।
শেষ দিকে কামরান আকমলের ১৬ বলে ২৩ রান আর আব্দুর রাজ্জাকের ৯ বলে ২১ রানের আক্রমনাত্মক দুটি ইনিংসে ৩৮৫ রানের বিশাল স্কোর দাড় করায় বাংলাদেশের বিরুদ্ধে।
বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম তিনটি, সাকিব দুটি ও রাজ্জাক একটি উইকেট নেন।
৩৮৬ রানের চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামা বাংলাদেশ যেন শুরতেই আত্মসমর্পণ করে। উদ্বোধনী জুটিতে একপ্রান্তে তামিম ইকবাল রানের জন্য ব্যাট চালালেও নিষ্প্রভ ইমরুল কায়েস।
৭ দশমিক ৩ ওভারে ব্যক্তিগত ৩৪ রান আর দলীয় ৩৯ রানে যখন তামিম আউট হয়ে যায় তখনো ২১ বলের মোকাবেলা করেও রানের খাতা খুলতে ব্যর্থ ইমরুল।
এরপর ইমরুল আর জুনায়েদের ১৬০ রানের জুটি গড়লেও তা বাংলাদেশের পরাজয় নিশ্চিত করা ছাড়া আর কোন অবদান রাখতে পারেনি। বড় রানের টার্গেটে ওপেনিং ব্যাটিংয়ে নেমে ১১০ বলের মোকাবেলায় ৬৬ রান করা ইমরুলের নেগেটিভ ব্যাটিং তাই সমালোচনার খোড়াক জুগিয়েছে ধারাভাষ্যকরদের।
মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার জুনায়েদ সিদ্দিকী। ব্যক্তিগত ৯৭ আর দলীয় ২১০ রানে যখন জুনায়েদ মাঠ ছাড়ে তখন বাকি ছিল পরাজয়ের ব্যবধান কমানোর আনুষ্ঠানিকতা।
সাকিবের ২৪ আর জহুরুল ইসলামের ১১ রানে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৪৬ রানে পোছাতে সক্ষম হয় বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে শোয়েব আকতার, মোহাম্মদ আসিফ, শহীদ আফ্রিদী ও ইমরান ফরহাত একটি করে উইকেট নেন।
শহীদ আফ্রিদী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এই ম্যাচের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের এশিয়া কাপের মিশন শেষ হলো। বাংলাদেশ তাদের তিন ম্যাচের তিনটিতে আর পাকিস্তান দুটিতে হেরে বিদায় নিল এশিয়া কাপ থেকে।
আগামি ২৪ জুন এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।