CT Correspondent
March 30, 2010, 3:18 am
|Quick Share
ঢাকা, মার্চ ৩০ (ক্রিকেটটুমরো ডটকম)- বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার খোদা বখস মৃধা (৬৮) মঙ্গলবার সকালে মারা গেছেন।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকাল ৮ টা ৩০ মিনিটে রাজশাহীতে তিনি ইন্তেকাল করেন। গত কয়েক দিন ধরেই তিনি টাইফয়েড ও নিউমোনিয়াতে ভুগছিলেন। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
এই প্রবীণ ধারাভাষ্যকারের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব রাজশাহী নগরীর হেতেম খাঁ মসজিদে নামাজে জানাজা শেষে শেষে হেতেম খাঁ গোরস্তানে তাঁকে দাফন করা হবে।
বেতার-টেলিভিশনে বিভিন্ন খেলার ধারাভাষ্য দিয়ে খোদা বখস মৃধা অর্জন করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা। আশির দশকের শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রায় প্রতিটি ক্রীড়া সম্প্রচারের অংশ ছিলেন তিনি। বাংলাদেশের অনেক ঐতিহাসিক ক্রীড়া সাফল্যের মুহূর্তে নিজের কণ্ঠে মাঠ থেকে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন।